Friday, November 20

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিক। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে করা মামলার কারণে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হওয়ার পেছনে সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকা ছিল বলে দাবি করেছেন তিনি। টিউলিপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছিল।

সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘Politics Unleashed’-এ দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তিনি একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি তাঁর রয়েছে।

টিউলিপ বলেন, ‘সেটি মূলত বিদ্বেষপ্রসূত মামলা ছিল।’ আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের সংসদ সদস্য। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধেও তদন্ত ও মামলা করে।

গত বছরের ডিসেম্বরে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দে শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপসহ ১৭ জনকে আসামি করে করা মামলায় তাঁকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে লন্ডনে অবস্থানরত টিউলিপ এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তাঁর বাংলাদেশে গিয়ে সাজা ভোগ করার সম্ভাবনাও কম।

২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অবাস্তব’ বলে অভিহিত করেছিলেন। তাঁর দাবি ছিল, শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে মুহাম্মদ ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave A Reply


Math Captcha
97 − 88 =