ভূমধ্যসাগরীয় উপকূলে একের পর এক ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সিসিলি দ্বীপের কাছে একাধিক ভূকম্পন রেকর্ড করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। খালি করা হয়েছে সরকারি দপ্তর ও কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনও।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
উপকূলীয় এলাকায় কমলা সতর্কতা
প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সমুদ্রের কাছাকাছি চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়।
সতর্কতার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সরকারি দপ্তরগুলো থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
সিসিলি দ্বীপের পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে একটি আদালত ভবন খালি করা হয়েছে। সিসিলি ও মূল ইতালির মধ্যবর্তী লিপারি দ্বীপেও শিক্ষার্থী ও পৌরসভার কর্মীরা বিভিন্ন ভবন ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
পালার্মোর আশপাশে ভূকম্পন অনুভূত
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিসিলির উত্তর উপকূলে, পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরে। দ্বীপটির প্রধান শহর পালার্মোর জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০।
পালার্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে লিকাটা শহরের অবস্থান।
সর্বোচ্চ মাত্রা নিয়ে প্রতিবেদনে ভিন্ন তথ্য
কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১২টি ভূকম্পনের মধ্যে ১১টির মাত্রা ছিল ৩-এর বেশি

