জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকার জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
