Monday, November 23

রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতার উদ্বেগ বাড়িয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত তিন মাসে রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১০৭টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯৬ জনকে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে নভেম্বরের প্রথম ১৬ দিনে। এ সময়েই ৮৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আগের দুই মাসের মোট ঘটনার চেয়েও বেশি।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীতে বিস্ফোরিত ককটেলের একটি অংশ ঢাকার বাইরে তৈরি করে আনা হচ্ছে। বিশেষ করে সাভার, কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ককটেল তৈরির কার্যক্রম চলছে। এসব তৈরির কাঁচামাল আসছে পদ্মার ওপারের বিভিন্ন এলাকা থেকে। পুলিশের নজরদারিতে রয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলা ও আশপাশের কয়েকটি জেলা। হাতবোমা তৈরির কারিগর, সরবরাহকারী ও নিক্ষেপকারীদের নিয়ে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে ধারণা তদন্তসংশ্লিষ্টদের।

ডিএমপির পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০৭টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১৯৬ জন। একই সময়ে উদ্ধার করা হয়েছে ৭৫টি অবিস্ফোরিত ককটেল। তবে নভেম্বরের প্রথম ১৬ দিনেই ৮৫টি বিস্ফোরণের ঘটনায় ৭৯টি মামলা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার হয়েছেন ১৩০ জন এবং উদ্ধার করা হয়েছে ৫২টি অবিস্ফোরিত ককটেল।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, রাজধানীতে ককটেল বিস্ফোরণের পেছনে শুধু নিক্ষেপকারীরা নন, রয়েছে উৎপাদন, সরবরাহ ও অর্থায়নের পৃথক নেটওয়ার্ক। ডিএমপির তালিকায় ককটেল তৈরির সঙ্গে জড়িত অর্ধশতাধিক কারিগরের নাম রয়েছে। ঢাকার আশপাশে কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে এসব তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, রাজধানীর বাইরের কারিগরের সংখ্যা শতাধিক হতে পারে। কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে শরীয়তপুরের জাজিরা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার নামও উঠে এসেছে। এসব তথ্য যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে।

চলমান রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার মধ্যে ককটেল তৈরির কারিগরদের চাহিদা এবং এসব হাতবোমার দাম বেড়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের মতে, ককটেল এখন শুধু আতঙ্ক সৃষ্টির উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে না; কিছু ঘটনায় বিস্ফোরিত ও উদ্ধার করা ককটেলে আঘাত হানতে সক্ষম স্প্লিন্টারের উপস্থিতিও উদ্বেগ তৈরি করেছে। ছোট ধাতব টুকরা, তারকাঁটা ও কাচের মতো উপাদানের কারণে বিস্ফোরণে আশপাশের মানুষের গুরুতর আহত হওয়ার ঝুঁকি বাড়ছে।

বিস্ফোরক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, আগে ককটেল বিস্ফোরণের প্রধান উদ্দেশ্য ছিল শব্দ ও ধোঁয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা। তবে সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া কিছু ককটেলে আঘাত করার উপযোগী উপাদান পাওয়া গেছে। সম্প্রতি নিষ্ক্রিয় করা কয়েকটি ককটেলেও স্প্লিন্টারের উপস্থিতি দেখা গেছে।

ককটেল নিক্ষেপের জন্য অর্থের বিনিময়ে ভাড়াটে লোক নিয়োগের অভিযোগও উঠেছে। কিছু ক্ষেত্রে ছিন্নমূল শিশু-কিশোর ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালকদের ব্যবহার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রতি ককটেল নিক্ষেপের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়ার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এ ধরনের ঘটনায় প্রকৃত পরিকল্পনাকারী ও অর্থদাতারা আড়ালে থেকে যাচ্ছেন। অন্যদিকে অর্থের প্রলোভনে কাজ করা ব্যক্তিরা সরাসরি ঝুঁকির মুখে পড়ছেন। শিশু-কিশোরদের ব্যবহারের বিষয়টি তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। তারা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন, যুবলীগ নেতা মেঘলা মিলি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই কেজির বেশি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেছেন তদন্তসংশ্লিষ্টরা।

এদিকে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজধানীতে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে ডিএমপি। সংস্থাটির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, নাশকতা ঠেকাতে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। মোবাইল পার্টিগুলো সক্রিয় রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের আগেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাও নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজনদের শনাক্তকরণ, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতেও পুলিশ সচেতন থাকবে।

সংশ্লিষ্টদের মতে, ককটেল বিস্ফোরণ ঠেকাতে শুধু ঘটনার পর অপরাধীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়; বরং নাশকতার আগেই পুরো নেটওয়ার্ক শনাক্ত করা জরুরি। এ জন্য বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত কাঁচামালের সরবরাহ বন্ধ, সন্দেহজনক লেনদেনের তদন্ত, শিশু-কিশোরদের অপরাধে ব্যবহার প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Leave A Reply


Math Captcha
58 − 49 =