Friday, September 18

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগ করা হয়েছে, তিনি জুমার খুতবায় জামায়াত বিরোধী বক্তব্য দিয়েছেন।

১৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামায়াতের দপ্তর সম্পাদক জি. এম. আসলামের স্বাক্ষরিত ওই চিঠি শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বায়তুন নূর জামে মসজিদ একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ, যেখানে নানা মতের মানুষ নামাজ আদায় করেন। তাই খতিবের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে কুরআন-হাদিসের আলোকে হেদায়েত দেওয়া। অথচ গত ১০ অক্টোবরের খুতবায় তিনি জামায়াত সম্পর্কে “বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” বক্তব্য দিয়েছেন, যা সমাজে বিভেদ ও উত্তেজনা ছড়াতে পারে।

চিঠিতে আরও বলা হয়, খতিব একজন নাগরিক হিসেবে যেকোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, কিন্তু তা প্রকাশ করার স্থান মসজিদের মিম্বর নয়। মসজিদে যেন সকল মতের মুসল্লিগণ নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে ব্যবস্থার জন্য মসজিদ কমিটিকে কার্যকর ভূমিকা নিতে বলা হয়।

তবে শুক্রবার জুমার আগে মিম্বারে বসে প্রকাশ্যে ওই চিঠি প্রত্যাখ্যান করেন খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনি খুতবায় বলেন—
“রোজা আর পূজা এক নয়। গত শুক্রবারও বলেছি, আজ আবারও বলছি—আপনারা সংযত ও সংশোধন হোন, তাওবা পড়ুন।”

এ সময় তিনি মুসল্লিদের সামনে জামায়াতের পাঠানো চিঠি উপস্থাপন করেন এবং সেটি ছিঁড়ে ফেলেন। উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনি তোলেন।

চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে ডিয়ারাবাড়ী আর্মি ক্যাম্প, উত্তরা; ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার; উত্তরা পশ্চিম থানার ওসি; এবং ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছে।

1 Comment

  1. Md Jahirul on

    জামায়াত হলো নোংরা দল ক্ষমতায় আসার জন্য সব করতে পারে

Leave A Reply


Math Captcha
43 + = 49