নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম চায়না নামে এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু চাঁন ও ছেলে মুন্না গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘাতক ধারালো অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে। হামলার সময় মনোয়ারা বেগম চায়নাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই সঙ্গে তার স্বামী আবু চাঁন ও ছেলে মুন্নাকেও ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়।

হামলার পর আবু চাঁন ফোন করে তার বড় ছেলে আনোয়ারকে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আব্দুর রশিদ নামে এক রিকশাচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে এ ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হামলার পর গৃহবধূকে খুঁজে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের খাটের নিচ থেকে মনোয়ারা বেগম চায়নার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং তদন্ত শেষে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave A Reply


Math Captcha
42 − 37 =