কলকাতা হাইকোর্ট আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। একই সঙ্গে আদালত মন্তব্য করেছেন, গরু কোরবানি ঈদুল আজহার বাধ্যতামূলক ধর্মীয় অনুশাসন নয়।

বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেন-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, কোনো উন্মুক্ত বা জনপরিসরে গরু, মহিষসহ অন্য প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

রায়ে আদালত ভারতের সুপ্রিম কোর্টের “মোহাম্মদ হানিফ কোরেশি বনাম বিহার রাজ্য” মামলার পর্যবেক্ষণ উল্লেখ করে বলেন, গরু কোরবানি ঈদুল আজহার অপরিহার্য অংশ নয় এবং ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় বিধান হিসেবেও বিবেচিত নয়।

এর আগে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গত ১৩ মে পশু জবাই নিয়ন্ত্রণে একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, কর্তৃপক্ষের দেওয়া ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। পাশাপাশি উন্মুক্ত জনপরিসরে পশু জবাই পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন মহুয়া মৈত্রসহ কয়েকজন আবেদনকারী। তারা ঈদুল আজহায় ধর্মীয় আচার পালনের জন্য ‘প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’-এর ১২ ধারার আওতায় ছাড় চেয়েছিলেন।

তবে আদালত আবেদনকারীদের সেই দাবিতে সরাসরি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি রাজ্য সরকারকে আইন অনুযায়ী বিবেচনার নির্দেশ দেন।

আইনবিষয়ক সংবাদমাধ্যম লাইভ ল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জনস্বার্থ ও আইনশৃঙ্খলার বিষয় বিবেচনায় এই নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।

Leave A Reply


Math Captcha
3 + 2 =