যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক Tulsi Gabbard পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তুলসী জানান, আগামী ৩০ জুন ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। তিনি বলেন, স্বামীর চিকিৎসা ও সুস্থতার জন্য এই মুহূর্তে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তুলসীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন এবং প্রশাসন তাকে মিস করবে। একইসঙ্গে আব্রাহাম উইলিয়ামসের দ্রুত সুস্থতা কামনাও করেন ট্রাম্প।
ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান উপ-পরিচালক অ্যারন লুকাস।
সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড একসময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০২২ সালে দল ছাড়েন এবং ২০২৪ সালের নির্বাচনের আগে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে ট্রাম্পকে সমর্থন জানান। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ দেন।
রাজনীতিতে সক্রিয় থাকাকালে ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের নীতির সমালোচনাও করেছিলেন তুলসী গ্যাবার্ড।

