কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাবেক কাউন্সিলর নুরুল আমিনের ছেলে শওকত হোসেন রাজ (২১)। রোববার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে চকরিয়ার কেবি জালালউদ্দিন সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শওকত চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় এবং পরিবারের অত্যন্ত আদরের সন্তান।

পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শওকত হোসেন রাজ ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০২১ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

চকরিয়া পৌরসভার হিসাবরক্ষক শেফায়েত হোসেন বলেন,
“নুরুল আমিন কাউন্সিলর থাকাকালে শওকত প্রায়ই বাবার সঙ্গে পৌরসভায় আসত। ছেলেটি অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী ছিল। তার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।”

শওকতের দুলাভাই তুহিন বলেন,
“শওকত হোসেন রাজ খুব অমায়িক স্বভাবের ছিল। তার ব্যবহার ও হাসিমুখ সবাইকে মুগ্ধ করত। এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের।”

তরুণ বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠী ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Leave A Reply


Math Captcha
3 + 7 =