Friday, November 6

হরমুজ প্রণালি-তে আটকে থাকা জাহাজগুলোকে বের করে আনতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষণার মাত্র দুই দিনের মাথায় অভিযানটি স্থগিত করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরান-এর সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্র কার্যত অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশ বিস্মিত হয়।

এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে ট্রাম্পের আলোচনা হলেও তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।

সৌদি আরবের একটি সূত্র এনবিসিকে জানিয়েছে, বর্তমানে পাকিস্তান যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সৌদি আরব সেটিকেই সমর্থন করছে। অর্থাৎ, দেশটি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষেই অবস্থান নিয়েছে।

অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই ট্রাম্প নতুন অভিযান ঘোষণা করেছিলেন। তবে ওমান-এর এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের আগাম কিছু জানায়নি; অভিযান ঘোষণার পরই সমন্বয় শুরু করা হয়। যদিও এ ঘটনায় তারা ক্ষুব্ধ নয় বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। হামলার আগে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত ছিল।

Leave A Reply


Math Captcha
+ 11 = 18