চীন-এর সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফু-কে ঘুষ ও দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত।
বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতায় থাকাকালীন ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক এই দুই মন্ত্রীকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। তবে উভয়ের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
দেশটির সামরিক আদালত পৃথক রায়ে এই দণ্ড ঘোষণা করে। দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে ও লি শাংফু—দুজনই চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশন-এর সাবেক সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর ছিলেন।
আদালতের রায় অনুযায়ী, ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ঘুষ প্রদান—উভয় অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
রায়ে তাদের আজীবনের জন্য সব ধরনের রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশের মেয়াদ শেষে আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। এরপর তারা আর কোনো ধরনের সাজা মওকুফ বা কারামুক্তির সুযোগ পাবেন না।

