Friday, November 6

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যজুড়ে সহিংসতার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৫ মে) রাতে কলকাতার ঐতিহাসিক নিউমার্কেটের হগ মার্কেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিজেপি সমর্থকরা বুলডোজার নিয়ে এসে সেখানে অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় গুঁড়িয়ে দেয়। এ সময় পাশের কয়েকটি মাংসের দোকানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার আকস্মিকতায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দোকানের শাটার নামিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত টহল জোরদার করে।

ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “কলকাতার ঐতিহাসিক নিউমার্কেটে যা ঘটেছে, তা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।”

তৃণমূলের আরেক নেতা ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “মধ্য কলকাতায় পুলিশের সামনেই বুলডোজার এনে দোকান ভাঙচুর করা হয়েছে, অথচ কেউ বাধা দেয়নি।”

এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Leave A Reply


Math Captcha
54 − 49 =