Friday, November 6

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অভিনেতা থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এবারের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সে হিসেবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে ছিল। এ অবস্থায় ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির এক ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সমর্থন পুরোপুরি নিঃশর্ত নয়—৫টি আসন পাওয়া কংগ্রেস নতুন সরকারে দুটি মন্ত্রিপদ ও কিছু গুরুত্বপূর্ণ পদ চাইতে পারে।

দীর্ঘদিন ধরে রাজ্যটির রাজনীতি নিয়ন্ত্রণ করেছে ডিএমকে ও এআইএডিএমকে। ১৯৬৭ সালের পর থেকে এই দুই দলের বাইরে কেউ ক্ষমতায় আসেনি। তবে ২০২৬ সালের নির্বাচনে সেই ধারায় বড় ভাঙন ধরেছে।

এবার টিভিকে শুধু ‘কিংমেকার’ নয়, সরাসরি সরকার গঠনের অবস্থায় পৌঁছেছে। চেন্নাই–এ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর জোর গুঞ্জন উঠেছে—আগামী ৭ মে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তার সঙ্গে আরও প্রায় ৯ জন মন্ত্রী শপথ নিতে পারেন বলে জানা গেছে।

শুধু কংগ্রেসই নয়, টিভিকে বামপন্থী দল, ভিসিকে ও আইইউএমএলসহ ছোট দলগুলোর সঙ্গেও জোটের আলোচনা চালাচ্ছে। এসব সমর্থন পেলে একটি স্থিতিশীল জোট সরকার গঠনের সম্ভাবনা জোরালো হবে।

সব মিলিয়ে, দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে—যেখানে সিনেমার ‘থালাপতি’ বাস্তব রাজনীতিতে শাসকের ভূমিকায় আসার পথে।

Leave A Reply


Math Captcha
+ 19 = 25