মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র–এর যেকোনো হস্তক্ষেপের প্রচেষ্টার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি–এর রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপ সহ্য করা হবে না এবং এ ধরনের যেকোনো পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ–কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত করার চেষ্টা করছেন, তবে এতে সফল হননি।

জাভানির দাবি, ইরানের ওপর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র এই কৌশলগত জলপথ নিয়ন্ত্রণে নিতে চাইছে। তবে ইরান তা প্রতিহত করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আর একক পরাশক্তি নয় এবং ইরানের সঙ্গে সংঘাতে গেলে তাদের ক্ষয়ক্ষতি বেশি হবে। এমনকি শক্তি প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে গিয়েও যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, দুই দেশের পাল্টাপাল্টি কঠোর অবস্থানের ফলে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

Leave A Reply


Math Captcha
+ 29 = 37