চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১০৬টি ফ্লাইটে মোট ৪২ হাজার ৩৪২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী, সৌদি মেডিকেল টিম ইতোমধ্যে ৮ হাজার ১৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৯ হাজার ২৪০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় রয়েছে মোট ৬৬০টি এজেন্সি—এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৩৬ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে ১৪ হাজার ৮২০ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৪৮৬ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ৩৬ হাজার ৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে—এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।

Leave A Reply


Math Captcha
32 + = 41