আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত একটি বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিস্ফোরিত বোমাটির ধরন এখনো শনাক্ত করা যায়নি। নিহতরা সবাই ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানজানের যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে, সেখানে ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন থাকার আশঙ্কা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় ওই এলাকায় মার্কিন বাহিনীর ফেলা কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়।

প্রায় ৪০ দিনের সংঘাত শেষে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পর থেকে দেশজুড়ে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করে আইআরজিসি।

ইরানি গণমাধ্যমগুলোর মতে, যুদ্ধবিরতির পর এটিই আইআরজিসির সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

আইআরজিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশজুড়ে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে তাদের বোমা বিশেষজ্ঞ দল।

সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ

Leave A Reply


Math Captcha
2 + 1 =