যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দু-এক দিন সময় লাগতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।
তিনি এক ফেসবুক পোস্টে জানান, পুলিশ লিমনের মরদেহ টেম্বার (ফিউনারেল) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতিও নেওয়া হয়েছে। পরবর্তী সব প্রক্রিয়া মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, সব আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে পাঠাতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।
প্রসঙ্গত, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশও উদ্ধার করা হয়েছে। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ।

