ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী।
সোমবার ২৭ এপ্রিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনর কাছে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনকে পেছন থেকে একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের ফলে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন এবং আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় রেল সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত অন্তত ৩৮ জনকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

