যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে এখনো পূর্ণ সমঝোতা না হওয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও চুক্তি সম্পন্ন না হলে পুনরায় সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়েছে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তবে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট কাউকে সঙ্গে না আনেন।
রুবিও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ইরানি ফুটবলারদের বাধা দেওয়া হচ্ছে—এমন কোনো বিষয় নেই। তবে নিরাপত্তা ও নীতিগত কারণে নির্দিষ্ট শর্ত মানতে হবে।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউজে দেওয়া বক্তব্যে বলেন, তার প্রশাসন খেলোয়াড়দের ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে চায় না।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের গ্রুপপর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে।

