ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদ–এ অনুষ্ঠিত সংলাপে তারা আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে অংশ নিয়েছিল; কিন্তু মার্কিন প্রতিনিধিদের চরম অবস্থান, আলোচনার ইস্যু পরিবর্তন এবং অবরোধের কারণে তা ব্যর্থ হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সংলাপ ব্যর্থ হওয়ায় তিনি হতাশাও প্রকাশ করেন।

তিনি বলেন, ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম সরাসরি ও নিবিড় সংলাপে ইরান সদিচ্ছা নিয়েই অংশ নিয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল যুদ্ধের অবসান। তার দাবি, ‘ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং’ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে অপর পক্ষের অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে ফেব্রুয়ারিতে সংলাপ হলেও কোনো সমঝোতা হয়নি। পরদিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে কূটনৈতিক উদ্যোগে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং তার ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় ওই আলোচনা।

Leave A Reply


Math Captcha
− 1 = 1