গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল নেওয়ার উদ্যোগ নিয়েছে ইরান—এমন খবরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে সেখানে টোল নিতে দেওয়া হবে না। বরং প্রয়োজনে যুক্তরাষ্ট্রই টোল আদায় করবে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে? তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা (যুদ্ধে) জিতেছি।”
তবে হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চাইলে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিকে ‘এক রাতে তছনছ’ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার তিনি বলেন, ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে।
ট্রাম্প দাবি করেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। তবে ইরান অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে জানিয়েছে, হামলা স্থায়ীভাবে বন্ধ এবং যুদ্ধজনিত ক্ষতির ক্ষতিপূরণ ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।
ট্রাম্প বলেন, “পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতে।”
সূত্র: আল জাজিরা

