Saturday, November 7

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অভিজাত বিদেশি শাখা কুদ্স ফোর্সের আন্ডারকাভার ইউনিটের প্রধান আসগর বাকেরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোহানি এ দাবি করেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুদ্স ফোর্সের নেতা আসগর বাকেরিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, বাকেরি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার পাশাপাশি ইসরায়েল, সিরিয়া ও লেবাননে বিভিন্ন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন।

কুদ্স ফোর্স ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি অভিজাত ইউনিট, যা বিদেশে অপ্রচলিত যুদ্ধ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন গোষ্ঠীকে প্রশিক্ষণ, অর্থায়ন ও সহায়তা প্রদান করে থাকে এই বাহিনী। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর নতুন সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে আইআরজিসি গঠন করা হয়।

এর আগে সোমবার তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হন। তিনি ২০২৫ সালে জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি গার্ডস ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদে দায়িত্ব পালন করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত ইরানি শীর্ষ নেতা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বাকেরি ও খাদেমি। যুদ্ধের ৩৮তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলায় তেহরানে ২৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই দিনে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে বিমান হামলার অভিযোগ উঠেছে। এর জবাবে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

Leave A Reply


Math Captcha
4 + 6 =