Saturday, November 7

পাকিস্তান-এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

পিডিএমএ’র তথ্যমতে, নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আহতদের মধ্যেও শিশুদের সংখ্যা বেশি; ৪৪ জন শিশু গুরুতর অবস্থায় রয়েছে।

টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ি জেলাগুলোতে বহু ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। প্রদেশজুড়ে অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। পিডিএমএ আরও জানিয়েছে, আগামী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুনরায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।

পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে সংবেদনশীল পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের সতর্ক করা হয়েছে।

সূত্র: সিনহুয়া

Leave A Reply


Math Captcha
7 + 3 =