যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন-এ হোয়াইট হাউস-এর নিকটবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
নিউ ইয়র্ক পোস্ট-এর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা পড়েনি। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হোয়াইট হাউসের উত্তর পাশে অবস্থিত লাফায়েট পার্ক-এর আশপাশে এই গুলির ঘটনা ঘটে। মধ্যরাতের কিছু পরেই গোলাগুলির শব্দ শোনা যায় বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, তারা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ-এর সঙ্গে সমন্বয়ে সন্দেহভাজন ব্যক্তি ও একটি সম্ভাব্য গাড়ির সন্ধানে অভিযান চালাচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে।
এদিকে, হোয়াইট হাউসের স্বাভাবিক কার্যক্রম চালু থাকলেও নিরাপত্তাব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। গুলির পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। সংস্কারকাজের কারণে কয়েক সপ্তাহ ধরে লাফায়েট পার্ক এলাকা আংশিকভাবে ঘেরা রয়েছে বলেও জানা গেছে।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। নিরাপত্তার অংশ হিসেবে আশপাশের কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে তা খুলে দেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানান, ইস্টার উপলক্ষে প্রেসিডেন্ট হোয়াইট হাউস ও ওভাল অফিসে কাজ চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা উদ্বেগের এটি আরেকটি ঘটনা। এর আগে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল, যখন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান সেখানে অবস্থান করছিল।

