উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে ইরান। শনিবার ইস্ফাহান এলাকায় ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ।
বার্তা সংস্থাটি জানায়, ইসলামিক বিপ্লবী গার্ড ড্রোনটি ভূপাতিত করে। এর আগে একই দিনে দক্ষিণ-পূর্ব ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই যুদ্ধবিমানও ভূপাতিত করার দাবি করে ইরান।
এছাড়া একই দিন হরমুজ প্রণালিতে একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমানও মাটিতে নামিয়ে আনার কথা জানায় ইরানি পক্ষ। এসব ঘটনার ফলে আকাশপথে উত্তেজনা আরও বেড়েছে।
এফ-১৫-ই যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনারা। তবে অন্য একজন ক্রু এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে এ-১০ যুদ্ধবিমানের পাইলট বিমানটি ইরানের আকাশসীমা থেকে বের করে নিতে সক্ষম হন। পরে বিমানটি হরমুজ প্রণালির কাছাকাছি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।
পাইলট নিরাপদে উপসাগরীয় একটি আরব দেশে পৌঁছাতে সক্ষম হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, নিখোঁজ ক্রুকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

