Sunday, November 8

কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে একটি পানি শোধনাগার ও একটি বিদ্যুৎকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রের দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে দেশটির একটি তেল কমপ্লেক্স ও সরকারি মন্ত্রণালয় কমপ্লেক্সেও ড্রোন হামলা চালানো হয়। তেল কমপ্লেক্সে আগুন ধরে যায় এবং দুটি স্থাপনাতেই অবকাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত বলেন, ‘অপরাধমূলক আগ্রাসনের’ কারণে দুটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে।

কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক অবকাঠামো রয়েছে। যুদ্ধের শুরুতে মূলত এসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হলেও গত কয়েক দিনে জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে ইরান।

এ মাসের শুরুতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাংকারেও হামলার ঘটনা ঘটে। এতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান। এর মধ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

দুই দিন আগেও কুয়েতের একটি পানি শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। সে সময়ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
+ 15 = 21