যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি গ্যাস স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার (৩১ মার্চ)। অভিযুক্ত জোয়াচিন গ্যাস স্টেশনের দোকানে থাকা এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান, এটিএম মেশিনের বিষয়টি তার দায়িত্বের মধ্যে পড়ে না। এতে ক্ষিপ্ত হয়ে জোয়াচিন সেদিন স্থান ত্যাগ করেন।
পরে বৃহস্পতিবার ভোরে আবার গ্যাস স্টেশনে ফিরে এসে তাণ্ডব শুরু করেন তিনি। সকাল ৭টা ১৪ মিনিটের দিকে দোকানের সামনে রাখা নীলুফার ইয়াসমিনের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। বিষয়টি জানতে নীলুফার দোকান থেকে বাইরে এলে অভিযুক্ত ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে তার মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় নীলুফার ইয়াসমিনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, হামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

