ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহে ইরান-এ ব্যাপক হামলা চালানো হবে এবং এ সময়ের মধ্যে তেহরানকে চুক্তিতে আসতে হবে।
ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহে ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালানো হবে।
চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকিও দেন তিনি। ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।
ভাষণে তিনি আরও উল্লেখ করেন, ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ছিল না। তবে সংঘাতে দেশটির বেশিরভাগ নেতা নিহত হওয়ায় পরিস্থিতি নিজ থেকেই বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি।

