Saturday, November 7

গালফ অঞ্চলে চলমান সংঘাতের প্রভাব পড়েছে প্রবাসী শ্রমিকদের জীবনে। কাজ চালু থাকলেও নিরাপত্তা ঝুঁকি, আয় কমে যাওয়া এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। এমন পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাতের কারণে গালফ কো-অপারেশন কাউন্সিল-ভুক্ত দেশগুলোতে লাখো প্রবাসী শ্রমিকের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতার পাশাপাশি কাজ ও আয়ের অনিশ্চয়তায় ভুগছেন অনেকেই।

সংস্থাটির মতে, সংঘাত-সম্পর্কিত ঘটনায় ইতোমধ্যে কয়েকজন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিশেষ করে কমিশনভিত্তিক কাজে যুক্ত ড্রাইভার ও ডেলিভারি কর্মীদের আয় অনেক ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও পরিস্থিতিকে জটিল করেছে। শ্রমিকরা জানিয়েছেন, অনেক খাদ্যপণ্যের দাম আগের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়েছে। পর্যটন ও আতিথেয়তা খাতেও পড়েছে প্রভাব; অনেক কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে, কারও বেতন কমানো হচ্ছে, আবার কেউ চাকরি হারাচ্ছেন।

এ অবস্থায় সংস্থাটি শ্রমিকদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ন্যায্য মজুরি নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজন হলে শ্রমিকদের দেশে ফেরার সুযোগ সহজ করার ওপর গুরুত্বারোপ করেছে তারা।

Leave A Reply


Math Captcha
34 + = 36