Tuesday, November 10

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, “জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের অল্টার ইগো—মুদ্রার এপিঠ-ওপিঠ।”
তার মতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আবার জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশকে নিয়ে জামায়াতের কোনো স্বচ্ছ ভিশন বা সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত প্রায় সাড়ে ১৪ মিনিটের ওই সাক্ষাৎকারে মাহফুজ আলম দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নতুন-পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার প্রক্রিয়ার বাস্তব চিত্র এবং গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা—এমন নানা বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে মাহফুজ আলম প্রার্থী নন। ভোটের মাঠ থেকে তার সরে দাঁড়ানোর বিষয়টি পুরনো হলেও, এর পেছনের মূল কারণ হিসেবে তিনি জামায়াত ও আওয়ামী লীগের পারস্পরিক অস্তিত্বের রাজনৈতিক সমীকরণকেই সামনে আনেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ বা থার্ড অল্টারনেটিভ গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। কিন্তু এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ‘ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্ট’-এর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট গঠন করে, তখন সেই স্বপ্ন ভেঙে যায়।
জামায়াত প্রসঙ্গে কঠোর সমালোচনা করে মাহফুজ আলম বলেন,
“যাদের সঙ্গে জোট করা হয়েছে, তারা পুরনো কাঠামোরই অংশ। জামায়াতের সঙ্গে জোট করলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার কোনো উত্তর আমাদের কাছে নেই। কারণ বাংলাদেশকে নিয়ে তাদের কোনো স্বচ্ছ ভিশন বা পরিকল্পনা নেই।”
তিনি মনে করেন, আদর্শিক অবস্থান ও রাষ্ট্র পরিচালনার নীতিগত জায়গা—কোনো দিক থেকেই নতুন প্রজন্মের সঙ্গে জামায়াতের বাস্তবসম্মত মেলবন্ধন সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, গত দেড় বছরের রাজনৈতিক যাত্রা ছিল এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’র মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা, যেখানে তার দৃষ্টিতে পুরনো রাজনৈতিক ব্যবস্থা নতুন মোড়কে আবার ফিরে আসছে—যা জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিচ্ছে।
ভবিষ্যৎ সরকারব্যবস্থা নিয়েও সতর্কবার্তা দেন মাহফুজ আলম। তার ভাষায়, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি কিংবা জামায়াত—সমাজের ভেতরে জমে থাকা ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টেকসই হবে না।
তিনি বলেন,
“শুধু কাগজে-কলমে সংস্কার করলেই হবে না। সমাজে ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বা ‘রিনেগোসিয়েশন’ না হলে মব ভায়োলেন্স ও বিশৃঙ্খলা চলতেই থাকবে।”
সাক্ষাৎকারে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন মাহফুজ আলম। তার মতে, বাংলাদেশের মানুষ বর্তমানে গণমাধ্যমকে বিশ্বাস করে না। এই আস্থা ফিরিয়ে আনতে হলে গণমাধ্যমকে জনগণের কাছে নিজেদের অতীত ভূমিকা নিয়ে একধরনের দায় স্বীকার বা বোঝাপড়ার জায়গায় আসতে হবে।
বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা মাহফুজ আলম সময় কাটাচ্ছেন বই পড়ে এবং হতাশ তরুণদের সঙ্গে আলাপ করে। তিনি বোঝার চেষ্টা করছেন—কেন জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতে কীভাবে নতুন করে এগোনো যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। এর তিন দিন পর, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। একই মাসের ২৮ আগস্ট মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। গত বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

Leave A Reply


Math Captcha
4 + 4 =