Tuesday, November 10

গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশি হত্যার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের অপহরণ এবং ভারত থেকে বিপুলসংখ্যক বাংলাভাষী মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) ঘটনাও ঘটছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে মানবাধিকার সংগঠন ‘সপ্রাণ’ আয়োজিত এক প্যানেল আলোচনায় এসব তথ্য উঠে আসে। বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সীমান্ত হত্যার পরিসংখ্যান

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সপ্রাণের গবেষক নূসরাত জাহান নিশু। তিনি মানবাধিকার সংস্থা ‘অধিকার’–এর তথ্য-উপাত্ত ব্যবহার করে জানান—

  • ২০২৫ সালে বিএসএফের হাতে নিহত বাংলাদেশি: ৩২ জন
  • ২০২৪ সালে: ২৪ জন
  • ২০২৩ সালে: ২৮ জন
  • ২০২২ সালে: ১৮ জন
  • ২০২১ সালে: ১৭ জন

তিনি বলেন, সীমান্ত হত্যার ক্ষেত্রে নতুন ও ভয়াবহ কিছু প্রবণতা যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে—
এসিড দিয়ে লাশ পুড়িয়ে নদীতে ভাসিয়ে দেওয়া,
বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতীয় নাগরিকদের অস্ত্রের বৈধতা প্রদান,
এবং প্রায় ২ হাজার ৪০০ জন ভারতীয় বাংলাভাষী মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করা।

১৬ বছরে ৬২৫ জন নিহত

মানবাধিকার সংস্থা অধিকারের ডকুমেন্টেশন কর্মকর্তা জারিন ইতু জানান,
২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ৬২৫ জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ২৫ জন শিশু।
এ ছাড়া ৮০৮ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন—অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, আবার অনেককে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত হত্যার শিকার পরিবারগুলো এখনো গভীর ট্রমার মধ্যে রয়েছে। ফলে অনেক পরিবার পরবর্তীতে বিচারের দাবি জানাতে ভয় পাচ্ছে।

লাশ হস্তান্তরে বিলম্ব ও অসহযোগিতা

দৃকের ফটোগ্রাফি ও আর্কাইভিং ডিপার্টমেন্টের টিম লিডার পারভেজ আহমেদ রনি সীমান্তে ধারণ করা আলোকচিত্র উপস্থাপন করে বলেন,
সীমান্তে হত্যার পর স্বজনদের মরদেহ পেতে ৮ থেকে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে। অধিকাংশ ক্ষেত্রে পোস্টমর্টেম বা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। ভারতীয় কর্তৃপক্ষের অসহযোগিতার কথাও তিনি তুলে ধরেন।

কাঠামোগত বিশ্লেষণের আহ্বান

প্যানেল আলোচক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সাঈদ ফেরদৌস বলেন, সীমান্ত পরিস্থিতি বিশ্লেষণে ভারতীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে সীমান্তবর্তী মানুষের দৈনন্দিন বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।

যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাভিন মুর্শিদ বলেন, নব্য-উদারতাবাদী যুগে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও অর্থনৈতিক উদারীকরণ ভারতের বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কার্যত পরিত্যক্ত করে ফেলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকি বলেন, দেশের অভ্যন্তরীণ ঐক্য জোরদার করতে পারলে সীমান্ত ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তর দর-কষাকষির সুযোগ তৈরি হবে।

সমাপনী বক্তব্য

সপ্রাণের গবেষণা পরিচালক মো. জারিফ রহমান বলেন,
“সীমান্ত সংকটকে কেবল জাতীয়তাবাদী বয়ান দিয়ে মোকাবেলা করা যাবে না। সীমান্তবর্তী মানুষের কাছে রাষ্ট্র ও সীমান্তের অর্থ ভিন্ন। তাদের জীবনে এই সংকট একটি স্থায়ী ক্ষত তৈরি করেছে। তাই জীবনমান উন্নয়ন ও গভীর গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে।”

Leave A Reply


Math Captcha
+ 54 = 63