Thursday, November 26

মানুষের জীবন ও মৃত্যুকে যেন খেলার বিষয় হিসেবে বিবেচনা করতেন সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন তিনি। শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্কে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মামলাটির তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি চলছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলো শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ছিল না; এসবের সবচেয়ে বড় আঘাত এসেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনা সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক তৈরি করেছিল। মানুষ নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহার করার কথা। কিন্তু জিয়াউল আহসান সেই ক্ষমতা, অস্ত্র ও রাষ্ট্রীয় শক্তি নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন। মানুষের জীবন রক্ষার জন্য রাষ্ট্রের যে শক্তি, তা কীভাবে মানুষের জীবন কেড়ে নেওয়ার অভিযোগে জড়িয়ে পড়তে পারে, এই মামলার মধ্য দিয়ে তা সামনে এসেছে।

তিনি আরও বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে বিবেচনা করেছেন, যেন তা তাঁর কাছে একটি খেলা। অথচ একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে সবকিছুর শেষ হয় না। পেছনে থেকে যায় একটি পরিবার, স্বজনদের অসীম অপেক্ষা, অপূর্ণ স্বপ্ন আর দীর্ঘদিনের শোক। আর একজন মানুষ গুম হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের প্রতিটি দিন কাটে অনিশ্চয়তা ও গভীর উৎকণ্ঠায়।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই বিচার নিহত ব্যক্তিদের ফিরিয়ে দিতে পারবে না। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের বুকের শূন্যতাও কোনো রায় পূরণ করতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা যে দীর্ঘ যন্ত্রণা ও বেদনার মধ্য দিয়ে গেছেন, বিচারপ্রক্রিয়া তা মুছে দিতে সক্ষম নয়। তারপরও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে এই বিচার প্রয়োজন।

তাঁর বক্তব্য, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের জীবন ও স্বাধীনতাকে বিপন্ন করে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। ন্যায়বিচারের মধ্য দিয়ে এমন একটি বার্তা প্রতিষ্ঠা করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি। কারণ, গুম ও হত্যার মতো অপরাধের বিচার কেবল অপরাধের শাস্তি নিশ্চিত করার বিষয় নয়; এর সঙ্গে মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও নিরাপদে বেঁচে থাকার অধিকারের প্রশ্নও জড়িত।

বৃহস্পতিবারের শুনানিতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। এ ছাড়া গুম ও হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
16 − = 6