Monday, November 23

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারত আইনি প্রক্রিয়া মেনে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনার যদি দেশে আসতে হয়, তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। আমরা আশা করি, ভারত এই বিষয়টি মেনে নিয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।’

দেশে ফিরিয়ে আনার পর শেখ হাসিনার গন্তব্য কোথায় হবে, সে বিষয়েও স্পষ্ট বার্তা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশে আনার পর তার জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে। সাধারণ কোনো নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, ‘জাতিসংঘের একটি বড় দল দেশে এসে তদন্ত করেছে। সেখানে কত শিশুসহ মানুষকে হত্যা করা হয়েছে, তা তদন্তে উঠে এসেছে। এসব ঘটনার প্রমাণ রয়েছে। সেই প্রমাণের ভিত্তিতেই তার এবং অন্য দোসরদের রায় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কি ভুলে গেছি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যেতে হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কীভাবে নির্যাতন করে দেশ ছাড়া করা হয়েছিল। আমরা কি এগুলো ভুলে গেছি?’

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি জানতে পারি, আমার এলাকায় কোনো জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনো দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিকও বিপদে পড়বে।’

নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু।

Leave A Reply


Math Captcha
+ 22 = 31