Monday, November 23

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে গেছেন সেখানে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। রোববার (২২ নভেম্বর) একটি সাদা গাড়িতে করে তারা সেখানে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর কলকাতার উদ্দেশে রওনা হন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, এ সময় ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে।

তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনার মধ্যেই আওয়ামী লীগ নেতাদের এ সফর অনুষ্ঠিত হলো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চান না আওয়ামী লীগের নেতারা। বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই আওয়ামী লীগ নেতারা সীমান্তে গিয়েছিলেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশের মধ্যে আলোচনা রয়েছে।

তবে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
7 + = 17