Monday, November 23

ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চায় না নয়াদিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে সংযত অবস্থান প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পক্ষে দিল্লি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কিছু বলার নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য।

প্রসঙ্গত, লালমনিরহাটে এক জনসভায় তারেক রহমান অভিযোগ করেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ওপারে থাকা রাজনৈতিক মদদদাতাদের খুশি করতে বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর এই মন্তব্যের বিষয়ে দিল্লির অবস্থান জানতে চাওয়া হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে জড়াতে চায়নি নয়াদিল্লি।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়েও এদিন প্রশ্নের মুখে পড়েন জয়সওয়াল। তবে এসব বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতির কথা জানাননি তিনি।

Leave A Reply


Math Captcha
82 + = 83