টানা বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। এতে বেচাকেনা কমে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে বেশ কিছু সবজির দাম। বিশেষ করে শিম ও টমেটোর দাম আগের তুলনায় বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজিও।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবারও রাজধানীতে বৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এদিন বাজারে ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। এতে শুক্রবারের বড় বাজার হাতছাড়া হয়েছে বলে আক্ষেপ করেছেন ব্যবসায়ীরা। কদমতলীর সাদ্দাম মার্কেটের সবজি বিক্রেতারাও জানিয়েছেন, বৃষ্টির কারণে সেদিন তেমন বেচাকেনা হয়নি।
খুচরা বিক্রেতা মো. ফরিদ উদ্দিন বলেন, সারা সপ্তাহ শুক্রবারের বাজারের জন্য অপেক্ষা করেন তাঁরা। কারণ অন্য দিনের তুলনায় ছুটির দিনে ক্রেতার সমাগম বেশি থাকে এবং বিক্রিও হয় বেশি। এ কারণে শুক্রবার দোকানে বেশি পরিমাণে সবজি তোলা হয়। কিন্তু টানা বৃষ্টির কারণে সেদিন ক্রেতা ছিল খুবই কম। বেশিরভাগ সময় অলস বসে থাকতে হয়েছে।
শনির আখড়া বাজারের মুরগি বিক্রেতা মো. উজ্জ্বল বলেন, সাধারণত শুক্রবারের বাজারে দম ফেলার সুযোগ থাকে না। জুমার নামাজের আগ পর্যন্ত ক্রেতাদের ব্যাপক ভিড় থাকে। কিন্তু বৃষ্টির কারণে সেদিন ক্রেতা কম ছিল। ডাকাডাকি করেও লাভ হয়নি। শুক্রবারের বাজারে ব্যবসা কম হলে বড় ধরনের লোকসান গুনতে হয় বলে জানান তিনি।
এদিকে সবজির দাম সম্পর্কে ব্যবসায়ীরা জানান, বৃষ্টির প্রভাবে বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। সাদ্দাম মার্কেট, শনির আখড়া ও যাত্রাবাড়ীর বিক্রেতাদের ভাষ্য, টানা বৃষ্টিতে সবজি সংগ্রহ ও পরিবহন ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় কৃষকেরা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। ফলে রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজিবাহী ট্রাকের সংখ্যাও কম ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবারের বাজারে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। টমেটোর দাম ছাড়িয়েছে ২০০ টাকা। বেগুন ও করলার দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বরবটির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। পটলের দাম আগের মতো ৬০ টাকা থাকলেও ঝিঙার কেজি ১০ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা। মুলা ও শালগম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়।
তবে লাউ, জালি ও কচুর লতির দাম অপরিবর্তিত রয়েছে। কাঁচামরিচের দাম কিছুদিন আগে কমে কেজিপ্রতি ৮০ টাকায় নেমেছিল। বর্তমানে তা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

