বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ বিমানবাহিনীর সামরিক বিমানে দেশে ফেরানোর পরিকল্পনা করছে ভারত সরকার। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে নয়াদিল্লির পক্ষ থেকে দুটি প্রধান শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের প্রথম শর্ত হলো, তাঁকে ফিরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয় শর্ত হলো, দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
এ ছাড়া দেশে ফেরার পর শেখ হাসিনার সার্বিক নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করবে বলে প্রত্যাশা করছে ভারত। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে।
কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ২০২৬ সালের ডিসেম্বরেই দেশে ফিরতে চান। এখন পর্যন্ত তিনি সেই অবস্থান থেকে সরে না এলেও ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। পাশাপাশি ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষ থেকে করা আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধও এখনো ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই বলে আসছে, বিষয়টি সম্পূর্ণ আইনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের আদালত একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যেভাবে তিনি দেশ ছেড়েছিলেন, একইভাবে সামরিক বিমানে তাঁর দেশে ফেরার বিষয়টি এখন আলোচনায় এসেছে।

