ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর তাঁকে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাংশের কর্মী। তাঁদের মতে, ভুল করলেও প্রতিষ্ঠানের জন্য হুয়াংয়ের দীর্ঘদিনের অবদান উপেক্ষা করা উচিত নয়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ওয়্যারডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার অভ্যন্তরীণ পরামর্শ ও মতামত জানানোর প্ল্যাটফর্মে হুয়াংয়ের পক্ষে একের পর এক মন্তব্য করেছেন কর্মীরা।
প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা আসার আগে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের এক প্রকৌশলী পরিচালনা পর্ষদকে কর্মীদের মতামত বিবেচনার আহ্বান জানান। ওই পোস্টে পরবর্তী সময়ে প্রায় ১ হাজার ৬০০টি মন্তব্য যুক্ত হয়।
একজন বেনামি কর্মী মন্তব্য করেন, ‘আপনি যদি প্রতিষ্ঠানের লক্ষ্য ও আদর্শে বিশ্বাস করেন, তাহলে বসকে ফিরিয়ে আনুন।’
অন্য এক কর্মী বলেন, জেনসেন হুয়াং ভুল করে থাকতে পারেন, কিন্তু তিনি একজন মানুষ। সবারই ভুল হতে পারে। প্রতিষ্ঠানের জন্য তাঁর অসংখ্য ভালো কাজ রয়েছে এবং তাঁকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত।
এ ছাড়া প্রতিষ্ঠানের সব কর্মীর কাছে পাঠানো এক ই-মেইলে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এক কর্মী। সেখানে তিনি লেখেন, ‘আমি জেনসেনের পাশে আছি। কারণ আমি বিশ্বাস করি না যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে। বরং ন্যায্যতার পক্ষে দাঁড়ানোর অর্থ এই নয় যে, যার নেতৃত্ব আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল, তাঁর কাছ থেকে দূরে সরে যেতে হবে।’
ই-মেইলে আরও বলা হয়, ‘যে মানুষটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করেছেন, দেশটি যদি তাঁকে ব্যর্থ করে, তাহলে এই বিশ্ব জেনসেন হুয়াংকে পাওয়ার যোগ্য নয়।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এনভিডিয়ার প্রায় দুই ডজন কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনেও হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।
সূত্র: ওয়্যারড।

