Tuesday, November 10

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার হয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন কিংবা তাঁর পক্ষে আবেদন করার প্রমাণসংক্রান্ত কোনো নথি সংযুক্ত না থাকায় আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

দিল্লির একটি কূটনৈতিক সূত্র সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন।

ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এতে নেই। আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র সংযুক্ত করা হয়নি। সাধারণত কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনপত্র থাকার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও জানিয়েছে, দিল্লি হাইকমিশন এ ধরনের একটি ই-মেইল পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করেছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হাইকমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানিয়েছিল, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। এ জন্য তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এ ধরনের আবেদন এই প্রথম করেছেন তিনি।

উল্লেখ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনার এ পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

Leave A Reply


Math Captcha
8 + 2 =