Monday, November 9

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাঁকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তাঁর হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’

এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। বরং তাদের হস্তান্তরের আহ্বান জানিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তাঁর নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

Leave A Reply


Math Captcha
+ 17 = 22