Monday, November 9

ভারতের গুজরাটের সুরাটে দীপাবলি উপলক্ষে নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি করে নগদ বোনাস দিয়েছেন এক ব্যবসায়ী। কর্মীদের প্রতি তাঁর এমন উদারতার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি। বোনাস পেয়ে কয়েকজন কর্মীকে আবেগাপ্লুত হয়ে কাঁদতেও দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তিনি সুরাটের একটি বস্ত্রপ্রতিষ্ঠানের মালিক। দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানের ২০ কর্মীর প্রত্যেককে এক লাখ রুপির বেশি নগদ অর্থ উপহার দিয়েছেন তিনি।

বোনাস দেওয়ার আয়োজনেও ছিল ভিন্নতা। সাধারণ খামে টাকা না দিয়ে রুপালি রঙের পূজার থালায় সাজিয়ে রাখা হয় নতুন নোটের বান্ডিল। ১০ থেকে ৫০০ রুপির নোট দিয়ে সাজানো এসব থালা কর্মীদের হাতে তুলে দেন তাঁদের স্ত্রীরা। ব্যতিক্রমী এ আয়োজনে কর্মীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কর্মীরা একে একে নগদ অর্থভর্তি থালা গ্রহণ করছেন। কেউ আনন্দে আপ্লুত হচ্ছেন, আবার কেউ আবেগ ধরে রাখতে পারছেন না।

কর্মীদের প্রতি এমন উদারতার কারণ ব্যাখ্যা করে রামস্বরূপ মুন্ডে বলেন, প্রতিষ্ঠানের কর্মীদের তিনি শুধু শ্রমিক হিসেবে দেখেন না; তাঁদের নিজের পরিবারের অংশ মনে করেন। দীপাবলিতে কর্মীরা যেন পরিবারের সঙ্গে আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেটিই ছিল তাঁর উদ্দেশ্য।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা করছেন অনেকে। কেউ কেউ এমন মালিকের অধীনে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, নিজের পরিবারের মতো কর্মীদের পরিবারকেও উৎসবের আনন্দে শামিল করার মানসিকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে ধনী করে তোলে। আরেকজন লিখেছেন, প্রত্যেক কর্মীর এমন একজন মালিক পাওয়া উচিত। কেউ কেউ আবার ওই প্রতিষ্ঠানে চাকরির আবেদন কীভাবে করা যায়, তা নিয়েও মজা করেছেন।

Leave A Reply


Math Captcha
40 + = 48