Wednesday, November 4

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে বিকেলে দিশাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে নৌ পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম দিশার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে দিশা ঘটনার রাতে তাহসিফের সঙ্গে উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার কথা স্বীকার করেছেন। তবে তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

ওমর ফারুক ফারুকী আরও জানান, মামলার অপর সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে দিশার তথ্যের ব্যাপক অমিল পাওয়া গেছে। দুই আসামির বক্তব্যের এই অসংগতি যাচাই-বাছাই করতেই দিশাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave A Reply


Math Captcha
81 − = 79