ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সঙ্গে শহরটির আশপাশের কয়েকটি গ্রামেও তল্লাশি ও অভিযান পরিচালনা করেছে তারা। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি সেনারা পূর্ব নাবলুসে প্রবেশ করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালায় তারা।
এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি করা হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।
তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা

