Wednesday, October 28

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হোটেলের মালিক ও ইজারাদারের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে শহরের জিএস রোডে হোটেল বিলাস ইন-এর কাছে এ ঘটনা ঘটে। এলাকাটি আসাম পুলিশের সদর দপ্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত জানান, গুলিতে ছয়জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কমিশনার বলেন, নিহত সবাই হোটেল মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হোটেলের ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। কী কারণে হোটেলের মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
− 6 = 3