Tuesday, October 27

আজ কোজাগরী পূর্ণিমা। এ দিন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ভক্তরা রাত জেগে দেবী লক্ষ্মীর পূজা-অর্চনা করেন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর কোজাগরী লক্ষ্মীপূজা পালিত হবে ২৫ অক্টোবর রোববার। পূর্ণিমা তিথি শুরু হবে রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে।

ঐশ্বর্যের দেবী লক্ষ্মী

শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তিনি উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত।

দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিষ্ণু রাম ও কৃষ্ণরূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা ও রাধারূপে তাঁদের সঙ্গিনী হন।

বিশ্বাস করা হয়, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তদের ঘরে আসেন। প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ—সব শ্রেণির মানুষ দেবী লক্ষ্মীর পূজা করে আসছেন।

কেন ‘কোজাগরী’ পূর্ণিমা

‘কোজাগরী’ শব্দের অর্থ—‘কে জাগরী’ বা ‘কে জেগে আছো’। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে বিচরণ করেন। যে গৃহের দরজা বন্ধ থাকে এবং গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে দেবী ফিরে যান—এমন বিশ্বাস থেকেই এ পূজার নাম হয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা।

এ কারণে পূজার রাতে অনেক ভক্ত রাত জাগরণ করেন। অনেকে উপবাসব্রতও পালন করেন।

পূজার আয়োজন

কোজাগরী লক্ষ্মীপূজা ব্যক্তিগতভাবে কিংবা সার্বজনীনভাবে আয়োজন করা হয়। কোথাও ঘটে, আবার কোথাও মূর্তিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়।

পূজার গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে রয়েছে সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপচাল ও জল।

পূজার অন্যতম আকর্ষণ মঙ্গলঘট ও ধানের ছড়া। পাশাপাশি বাড়ির আঙিনায় চালের গুঁড়া দিয়ে আলপনা আঁকা হয় এবং সেখানে দেবী লক্ষ্মীর পায়ের ছাপ দেওয়া হয়। এ উপলক্ষে অনেক নারী উপবাসব্রত পালন করেন।

লক্ষ্মীর পাঁচালি পাঠ

লক্ষ্মীকে ঘিরে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত রয়েছে। লক্ষ্মীপূজার দিন এসব কাহিনি পাঁচালি আকারে পাঠ করা হয়, যা ‘লক্ষ্মীর পাঁচালি’ নামে পরিচিত।

আশ্বিনী পূর্ণিমা ছাড়াও অনেক পরিবারে প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করার রীতি রয়েছে। আবার কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায়ও লক্ষ্মীপূজার প্রচলন রয়েছে।

Leave A Reply


Math Captcha
26 + = 32