Friday, October 23

বিএনপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হয় না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে বলে অর্থনীতিবিদেরা জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের সতর্কতা ও আন্তরিকতার কারণে এবার দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরাও প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত রাজনৈতিক দল’ দুর্গাপূজাকে ঘিরে অপপ্রচারে জড়িত ছিল। অতীতে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়ে রিজভী বলেন, দুর্গাপূজার কারণে কয়েক দিন লিফলেট বিতরণ বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে আবারও কর্মসূচি শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে জনসচেতনতা বাড়াতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
21 + = 23