Wednesday, October 21

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের ওপর নজরদারি চালানোর বার্তা দেওয়াকে ‘অত্যন্ত বিপজ্জনক ও প্রমাণিত ফ্যাসিবাদী চরিত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে প্রকাশ্যে বিরোধী দলের ওপর নজরদারি চালানোর ঘোষণা দিতে পারেন কি না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো দলের প্রতি দায়বদ্ধ নয়, বরং দেশের প্রতি দায়িত্ব পালন করার কথা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনীকে গুরুত্বপূর্ণ ও মৌলিক কাজ থেকে সরিয়ে বিরোধী রাজনৈতিক দলের ওপর নজরদারিতে ব্যবহার করা এবং নজরদারি প্রযুক্তির অপব্যবহার ‘ফ্যাসিবাদী চরিত্রের’ বহিঃপ্রকাশ।

পাশাপাশি ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড প্রকল্পে উন্মুক্ত দরপত্র এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহারের মাধ্যমে বড় ধরনের অনিয়মের অভিযোগও করেন হাসনাত। তাঁর দাবি, এসব প্রকল্পে প্রায় ২ হাজার ১০ কোটি টাকা ব্যয়ের নামে অনিয়মের সুযোগ তৈরি করা হচ্ছে।

হাসনাত অভিযোগ করেন, কার্ড প্রকল্পে সেনাবাহিনী, নৌবাহিনী ও আন্তঃবাহিনী পরিচালিত বিএমটিএফকে সামনে রেখে ডিপিএমের মাধ্যমে কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দাবি, প্লাস্টিক কার্ড তৈরির তুলনামূলক কম বাজারমূল্যের সঙ্গে প্রকল্পে ৩০০ থেকে ৩৬৫ টাকা পর্যন্ত ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন বিদ্যমান তথ্যভান্ডার, মোবাইল ব্যাংকিং, ইউটিলিটি বিল ও অন্যান্য তথ্য ব্যবহার করেই দরিদ্র মানুষের ডাটাবেজ তৈরি করা সম্ভব। তাই নতুন করে বড় অঙ্কের প্রকল্প নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অতীতের রাজনৈতিক অপব্যবহারের প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। সামরিক ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক ও আর্থিক অনিয়মের অংশীদার না হওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষ দিকে তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী কোনো সরকারি দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের সেবার জন্য তৈরি হয়েছে এবং সরকার ও বিরোধী দলসহ দেশের সব মানুষের জন্যই তাদের দায়িত্ব পালন করা উচিত।

Leave A Reply


Math Captcha
+ 49 = 51