পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীর পদ্মা নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে দেশের দুটি বড় নদী—তিস্তা ও পদ্মায় ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এই দুটি নদীতে আমরা ব্যারাজ তৈরি করব। যাতে করে আমাদের পানির সমস্যা আমরা দূর করতে পারি।’
পানির হিস্যা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেন, যারা পানির সমস্যা তৈরি করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের মানুষের পানির হিস্যা আদায়ের জন্য যতদূর যেতে হয়, সরকার তা করার চেষ্টা করবে।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ বাংলাদেশের পানির হিস্যা আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা এই পদ্মা ব্যারাজ এবং তিস্তা ব্যারাজের কাজ শুরু করব এবং শেষও করব ইনশাআল্লাহ।’
কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের প্রায় চার হাজার আখচাষিকে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে, যাতে আগামী মৌসুমে তাঁদের কিছুটা হলেও কষ্ট কমে।
তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, কৃষক বাঁচলে দেশের কৃষি বাঁচবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের পাশে দাঁড়ানো ছিল দলটির অন্যতম প্রতিশ্রুতি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের সাত দিনের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

