শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় সামরিক বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরে গিয়ে রাধা গোবিন্দ মন্দির ও কালীবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
রংপুর সফর শেষে সৈয়দপুর থেকে সামরিক বিমানযোগে রাজশাহী যাবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম সফর শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সোমবার মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অন্যদিকে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরের ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ ছাড়া আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় যোগদান এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

