Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জয়ী হতে যাচ্ছে এবং যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে। যুদ্ধ শেষ হলে জ্বালানির দামও দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। আলোচনার সম্ভাব্য পরবর্তী ধাপে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান যে সাত দিনের একটি প্রস্তাব দিয়েছিল, তার সংশোধিত সংস্করণ নিয়ে আলোচনা হতে পারে।

আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের প্রস্তাবে যুদ্ধবিরতি, শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিউইয়র্কে অবস্থান করছেন এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছেন।

আরাকচির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি সত্যিই যুদ্ধের অবসান ও কূটনৈতিক সমাধান চায়, তাহলে ইরান ইতোমধ্যে সে লক্ষ্যে একটি প্রস্তাব দিয়েছে। ইরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চললেও দুই দেশের অবস্থানে এখনও পার্থক্য রয়েছে। মঙ্গলবার ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা শিথিল বা অন্য কোনো সুবিধা দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ইরানকে কোনো কিছু দেওয়ার প্রস্তাব তিনি দেননি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাত শুরু হয়। এরপর সাত মাস ধরে দুই পক্ষের মধ্যে সামরিক সংঘাত চলছে। সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালির নৌ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে।

এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একাধিক উদ্যোগ নেওয়া হলেও সেগুলো স্থায়ী হয়নি। বর্তমানে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু হওয়ায় যুদ্ধের অবসান নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।

Leave A Reply


Math Captcha
+ 73 = 82